আবনা ডেস্ক : ভারতে এ বছর সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন কে, জানেন? না, তিনি কোনো বলিউড তারকা কিংবা দামি ক্রিকেট খেলোয়াড় নন। রাজনীতি, সামাজিক এমনকি শোবিজ জগতের সকল সেলিব্রেটিকে পিছনে ফেলে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে সামান্য এক গরু। না, তাকে মোটেও সামান্য বলা যাবে না।
ভারতের হিন্দু চরমপন্থিদের কল্যাণে সারাবছরই সে দেশের সংবাদ মাধ্যমগুলোতে দাপিয়ে বেরিয়েছে এই চতুষ্পদ প্রাণিটি।
নামি-দামী মানব সন্তানদের কয়েকশো মাইল দূরে ঠেলে ইয়াহুর বিচারে এ বছরের পার্সোনালিটি অফ দ্য ইয়ার গরু। ইস্যু অফ দ্য ইয়ার ‘বিফ কন্ট্রোভার্সি।’
ইয়াহু একটি বিবৃতিতে জানিয়েছে গোটা বছর ভারতে সব থেকে বেশি ট্রেন্ড করছে যে শব্দ সেটি ‘গরু’। গরুর এহেন জনপ্রিয়তার শুরু মহারাষ্ট্র সরকার সে রাজ্যে গো মাংস নিষিদ্ধ করার পর থেকে। তার পর থেকেই অনলাইন হোক অফলাইন, আলোচনার হট টপিক কিন্তু সেই গরুই।
‘গো মাতাকে’ নিয়ে বিতর্ক, দাদরি, একের পর এক পুরস্কার ফেরানো, ‘অহিষ্ণুতা’ প্রসঙ্গ, সব কিছুর উৎস কিন্তু সেই চার পেয়ে গৃহপালিত পশুটিই।
আগের তিন বছরের মত এবারও ইয়াহুর বিচারে সেরা মহিলা সেলেব্রিটি সানি লিওন। পুরুষদের মধ্যে এ বছর সেরা সালমন খান। সেরা রাজনীতিক নরেন্দ্র মোদী। সেরা রাজনৈতিক ইভেন্ট বিহার নির্বাচন।
ঘটনার শুরু গত মার্চে। ভারতে প্রথমবারের মত গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মহারাষ্ট্র রাজ্য সরকার। ফলে শুরু হয় বিতর্ক এবং যথারীতি প্রকাশ হতে থাকে গরু সংক্রান্ত নানা খবর।
এরপরই ঘটে যায় আলোচিত দাদরি হত্যাকাণ্ডটি। গত ২৮ সেপ্টেম্বর উত্তর প্রদেশের দাদরি এলাকার বিসারা গ্রামে গরুর মাংস মজুদ রাখা ও খাওয়ার অভিযোগে হত্যা করা হয় মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে।
ওই গ্রামের ধর্মান্ধ হিন্দুরা ওই মুসলিম প্রতিবেশীর বাড়িতে হামলা চালিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল।
এ ঘটনায় আহত হয়েছিলেন তার ছেলেও। কিন্তু ওই মাংসের নমুনা পরীক্ষায় গরুর বদলে খাঁসির মাংস থাকার বিষয়টি প্রমাণিত হয়।
এই দাদরি হত্যাকে কেন্দ্র করেই শুরু হয় পুরস্কার ফিরিয়ে দেয়ার হিড়িক। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ তুলে দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিকসহ সমাজের বিশিষ্টজনরা একের পর এক জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেন।
অক্টোবর পর্যন্ত পুরস্কার ফিরিয়ে দেন মোট ৪১ লেখক ও সাংবাদিক। মোদ্দা কথা ভারতে এবার গরুর কাছে পাত্তা পাননি সানি লিওন ও ক্যাটরিনার মত সেলিব্রেটিরাও।
এছাড়া ইয়াহুর আলোচিত ইভেন্টগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ইসলামিক স্টেট, মরহুম প্রেসিডেন্ট আবদুল কালাম এবং আইসিসির বিশ্বকাপ ক্রিকেট।#